পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরু জবাই ও মাংসের ভাগবাঁটোয়ারা নিয়ে নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে পুতুল মিয়া ( ৪৫), সাদেক ( ৩৫), ও জানে আলমের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাওয়ালিবিন্নী গ্রামের বাসিন্দারা ঈদের আগে যৌথভাবে গরু জবাই করে মাংস ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে গ্রামবাসী আলোচনায় বসলে মাংস বণ্টন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের বজলু মিয়া (৬০) ও মাজু মিয়ার (৪০) সমর্থকদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার দে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/কেএইচকে/এএসএম