দেশজুড়ে

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ‎বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

হামলায় কচুয়া থানার পুলিশ কনস্টেবল রাজু খান গুরুতর জখম হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে আসামি নাদিম শেখ উপজেলার খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে। ২০২৪ সালের একটি দস্যুতা মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এছাড়াও এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলসহ নানা অভিযোগ রয়েছে নাদিম শেখের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, নাদীম শেখকে (৩৩) গ্রেফতার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আসামি নাদিমকে ছিনিয়ে নিতে সাগর শেখ পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত কনস্টেবল রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বলেন, পরোয়ানাভুক্ত আসামি নাদিমকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার ভাই অতর্কিত হামলা করে পুলিশ সদস্যদের ওপর। এতে পুলিশ সদস্য রাজু খান গুরুতর জখম হয়। অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম