সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিল আয়োজন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই অনুষ্ঠানে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। কয়েকদিন আগে বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করা তামিম এবার জানিয়ে রাখলেন, মোহামেডান তাকে ডাকলে বিষ্যতে যে কোনো সাংগঠনিক দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।
বুধবার মির্জা আব্বাসের দোয়া মাহফিলে হাজির হয়ে তামিম বলেন, ‘সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে সাথে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তবে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’
সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তামিম বলেন, ‘উনি আমার বিয়েতে একবার এসেছিলেন। ব্যক্তিগতভাবে উনার সাথে দেখা হওয়ার সুযোগ কম হলেও আমি জানি যে উনি মোহামেডান এবং ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মোহামেডান ক্লাব উনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে, তাই এখানে আসাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যারা ক্রীড়ার সাথে জড়িত আছে সবাই চায় উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যেটা লোকমান ভাই বলল যে উনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া উনার প্রতি, উনার পরিবারের প্রতি।’
দেশের ক্রীড়াঙ্গনে ক্লাবগুলোর ত্যাগের কথা উল্লেখ করে তামিম জানান, আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলো শুধু খেলাধুলাকে দিয়েই গেছে। তার মতে, ‘এই ক্লাবগুলোর খেলোয়াড়দের দেওয়ার বাইরে আর কিছু পাওয়ার নেই। তাদের একটাই আশা, তা হলো ট্রফি। বিনিময়ে তারা শুধু যথাযথ সম্মানটুকু চায়।’
এসকেডি/আইএইচএস