ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের বিনোদন দিতে নানা আয়োজন নিয়ে প্রস্তুত দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো। নতুন ওয়েব সিরিজ, সিকুয়েল ও ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে জমে উঠছে ডিজিটাল পর্দা।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১৮ মার্চ মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে এক প্রতিভাবান হ্যাকার মানসিভের গল্প উঠে এসেছে। তাকে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রীয় কাজে আবার ফিরতে হয়। মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান এবং অনুরা চরিত্রে মেহজাবীন চৌধুরী।
অন্যদিকে দীপ্ত প্লে নিয়ে আসছে নতুন ধাঁচের কন্টেন্ট মাইক্রো ড্রামা। ঈদ উপলক্ষে বাংলায় ডাবিং করা ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদারস টেল’ প্রকাশ পাবে। স্বল্পদৈর্ঘ্যের এই ধারাবাহিকগুলোর প্রতিটি পর্ব মাত্র ১ থেকে ৩ মিনিটের। ঈদের পর আরও দুটি মাইক্রো ড্রামা মুক্তির পরিকল্পনাও রয়েছে প্ল্যাটফর্মটির।
আইস্ক্রিনে আসছে জনপ্রিয় দুই সিরিজের সিকুয়েল। একটি হলো ভিকি জাহেদের ‘চক্র ২’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী ২’। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘চক্র’র দ্বিতীয় সিজন আগের গল্পের ধারাবাহিকতা বজায় রাখবে। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন।
আর প্রেম, প্রতারণা ও প্রতিশোধের গল্পে নির্মিত ‘পাপকাহিনী ২’ সিরিজে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, সাদিয়া জাহান প্রভাসহ অনেকে। সিরিজটি ঈদেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। একটি বিড়ালকে ঘিরে দুই একাকী মানুষের সম্পর্কের গল্পে নির্মিত এই ফিল্মটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। ঈদের তৃতীয় দিন এটি মুক্তি পাবে। পাশাপাশি ঈদ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর নতুন চ্যাপ্টারও দেখা যাবে এই প্ল্যাটফর্মে।
এদিকে দেশের বাইরে ভারতীয় ওটিটিতেও থাকছে বাংলাদেশি উপস্থিতি। ১৯ মার্চ থেকে সনি লিভে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। ১৯৭১ সালের কলকাতাকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটও উঠে এসেছে। সৌমিক সেন পরিচালিত সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র।
সব মিলিয়ে, ঈদে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকছে বৈচিত্র্যময় কনটেন্টের সমাহার, যা দর্শকদের জন্য বাড়তি বিনোদনের খোরাক জোগাবে।
এলআইএ