বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হলেও শুক্রবার (২০ মার্চ) তা স্পষ্টভাবে দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। সেক্ষেত্রে শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হবে। অন্যদিকে, চাঁদ দেখা গেলে ঈদ হবে পরের দিন শুক্রবার (২০ মার্চ)।
কবে ঈদুল ফিতর উদযাপিত হবে, বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
গত ৯ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৯ মার্চ চাঁদের বয়স, স্থায়িত্ব ও অবস্থান বিবেচনায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ। তবে ২০ মার্চ পশ্চিমাকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশের সব স্থানেই চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাশেদুজ্জামান স্বাক্ষরিত চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, ঢাকায় ১৯ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ মান সময় সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন।
সান্ধ্যকালীন গোধুলির পর চাঁদের স্থায়িত্ব হবে ৯ মিনিট। আগামী ১৯ মার্চ ঢাকায় চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৯ মিনিট থেকে ৬টা ৩৩ মিনিট পর্যন্ত। এ কারণে এদিন দেশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
পরের দিন শুক্রবার (২০ মার্চ) ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১.৪৪৮৯ দিন। সান্ধ্যকালীন গোধুলির পর চাঁদের স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ৩ মিনিট। ফলে আকাশ পরিষ্কার থাকলে দেশের প্রায় সব স্থান থেকেই চাঁদ স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দেশের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে ১৯ ও ২০ মার্চ চাঁদ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। মেঘলা আকাশ বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না গেলেও সেই তথ্য আবহাওয়া সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে এসব তথ্য ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে পাঠানো হবে।
এক্ষেত্রে আগামী ১৯ মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট হতে ৬টা ৪০ মিনিট পর্যন্ত।
আরএমএম/