গাজীপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। তবে রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে কারখানার নিচতলায় আগুন লাগে। এ সময় স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তা প্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততোক্ষণে আগুন কারখানার তিনতলা ভবনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কারখানার নৈশ প্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। রাত ৮টায় আমি এসে কারখানার গেটে বসেছি। হঠাৎ করে রাত ৯টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে আগুন দেখে অন্যদের খবর দিই।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এমএআই/এমএমকে