চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। এছাড়া মোহাম্মদ মামুন (২৮) নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ১০তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজার চতুর্থতলার একটি টেইলার্স দোকানে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠতলায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুনচট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনের মার্কেটে আগুন
অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, সেখানে নেওয়া আহতদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, যে টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল এবং দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল।
কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচতলায় শপিংমল এবং ওপরের পাঁচতলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
এমআরএএইচ/বিএ