খেলাধুলা

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন স্যাম কারান

আইপিএলের নতুন আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। দলের নতুন সদস্য স্যাম কারান চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইংল্যান্ডের এই অলরাউন্ডার গ্রোইন ইনজুরিতে (কুঁচকির চোট) ভুগছেন বলে জানা গেছে। সর্বশেষ তিনি খেলেছেন ৫ মার্চ অনুষ্ঠিত আইসিসি টি-২০ টুর্নামেন্টে, যেখানে সেমিফাইনালে ইংল্যান্ড হেরে যায় চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলের কাছে।

২৭ বছর বয়সী কারান এবারই প্রথমবারের মতো রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল। গত নভেম্বরে চেন্নাই সুপার কিংস থেকে ট্রেডের মাধ্যমে তাকে দলে নেয় রাজস্থান। এই ট্রেডে ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকেও রাজস্থানে আনা হয়, আর বিপরীতে উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসন চলে যান চেন্নাইয়ে। উল্লেখ্য, স্যামসন সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

আইপিএলে কারানের এটি হতো তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। তিনি প্রথম খেলেন পাঞ্জাব কিংস-এর হয়ে ২০১৯ সালে। এরপর ২০২০ ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামেন। ২০২৩ সালে তিনি ১৮.৫ কোটি রুপিতে আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে আবার পাঞ্জাবে ফেরেন এবং ২০২৪ সালেও সেখানে খেলেন। ২০২৫ সালে ২.৪ কোটি রুপিতে চেন্নাই তাকে দলে নিলেও পারফরম্যান্স ছিল হতাশাজনক- ৫ ম্যাচে মাত্র ১১৪ রান ও ১টি উইকেট।

কারানের অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালস এখন বিকল্প খুঁজছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি, তবে দলটির হাতে ইতিমধ্যেই অলরাউন্ডার হিসেবে জাদেজার পাশাপাশি রয়েছেন ডনোভান ফেরেইরা। দ্রুতগতির অফস্পিন ও পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকেও ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস থেকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান।

সব মিলিয়ে, আইপিএল শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোর শঙ্কায় পড়েছে রাজস্থান রয়্যালস, যা তাদের শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।

আইএইচএস/