খেলাধুলা

‘বড় বাচ্চা’ মার্টিনেজ নৈপুণ্যে শেষ আটে অ্যাস্টন ভিলা

ইউরোপা লিগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাস্টন ভিলা। এ সাফল্যের পেছনে বড় অবদান রেখেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যাকে ‘বড় বাচ্চা’ (বিগ কিড) বলে প্রশংসায় ভাসিয়েছেন দলটির অধিনায়ক জন ম্যাকগিন।

ফরাসি ক্লাব লিলকে ইউরোপা লিগে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে হারায় অ্যাস্টন ভিলা। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে জায়গা নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ম্যাকগিনের গোলটি ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। এই গোলের মাত্র ১৫ সেকেন্ড আগে দুর্দান্ত একটি সেভ করেন এমিলিয়ানো মার্টিনেজ, এরপর তার নিখুঁত কিক থেকে বল পেয়ে আক্রমণ গড়ে ওঠে এবং গোলটি আসে। ম্যাচের শেষ দিকে লিওঁ বেইলি আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচজুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন এমি মার্টিনেজ। গোলের পর তিনি লিলে সমর্থকদের দিকে ইঙ্গিতপূর্ণ উদযাপন করেন, যা স্টেডিয়ামে উত্তেজনা বাড়িয়ে দেয়। বিশেষ করে ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে তার পারফরম্যান্সের কারণে ফরাসি সমর্থকদের কাছে তিনি আগে থেকেই ছিলেন বিতর্কিত।

ম্যাচ শেষে অধিনায়ক ম্যাকগিন বলেন, ‘সে পাগলাটে একজন মানুষ। পরিবারের মানুষ হলেও ভেতরে ভেতরে সে একেবারে একটি বাচ্চার মত। যাকে বলা যায় ‘বড় বাচ্চা’; কিন্তু সে একজন দুর্দান্ত গোলরক্ষক। ২-০ অবস্থাতেও সে অসাধারণ সেভ করেছে।’

তিনি আরও বলেন, ‘মার্টিনেজের সেই পাস ছিল অসাধারণ। তবে জেডন সাঞ্চোর পারফরম্যান্সও দারুণ ছিল- ভিলার জার্সিতে তার সেরা ম্যাচ ছিল এটি।’

লিলের অভিজ্ঞ ফরোয়ার্ড অলিভার জিরু ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ভালো সময় পার করছিলাম, কিন্তু হঠাৎ সেই গোল হজম করি। মার্টিনেজের পাসটা ছিল অসাধারণ, যা আমাদের জন্য খুবই হতাশাজনক।’

এ জয়ে ভিলার সামনে এখন নতুন চ্যালেঞ্জ- কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বোলোনা এফসি। কোচ উনাই এমেরির অধীনে ভিলা টানা তৃতীয়বার ইউরোপীয় প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল। ইউরোপা লিগে এর আগে চারবার শিরোপা জেতা এমেরি এবার পঞ্চম শিরোপার স্বপ্ন দেখছেন।

এমেরি বলেন, ‘দুই ম্যাচে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আমরা সংগঠিত ছিলাম, প্রতিপক্ষকে সম্মান দেখিয়েছি। হয়তো খুব ঝলমলে ছিল না, কিন্তু ধারাবাহিকতা ছিল।’

আইএইচএস/