ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের গ্যাসক্ষেত্রে ভবিষ্যৎ হামলা থেকে বিরত থাকবে ইসরায়েল। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েল ইরানের গ্যাসক্ষেত্রে পরবর্তী হামলা ‘স্থগিত’ রাখবে। একই সঙ্গে তিনি এই অভিযোগও প্রত্যাখ্যান করেন যে, ইরানের সঙ্গে যুদ্ধে তিনি ট্রাম্পকে জড়িয়েছেন।
এদিকে, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের শাসকগোষ্ঠী হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করে দিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।
এছাড়া যুক্তরাষ্ট্রকে ইসরায়েল এই যুদ্ধে টেনে আনেনি বলে দাবি করে তিনি বলেন, ট্রাম্পই আমাকেএক বছর আগে বলেছিলেন যে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
এসএএইচ