চট্টগ্রাম নগরে অপরাধ দমনে পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ২৪ হাজারের বেশি ইয়াবা জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়ার অভিযোগে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সিএমপির পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, নগরের বিভিন্ন থানা এলাকায় সমন্বিত এ অভিযানে মোট ২৪ হাজার ১৩৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদক সংশ্লিষ্ট অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ১৬ জন, চাঁদাবাজির অভিযোগে ৬ জনসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে সবচেয়ে বেশি ইয়াবা জব্দ হয় গোয়েন্দা বিভাগ (ডিবি) উত্তর ও দক্ষিণ জোনে ২০ হাজার ১০০ পিস। এ ছাড়া চকবাজার থানা এলাকায় ৩ হাজার ৩৮ পিস এবং কর্ণফুলী থানা এলাকায় ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনাও রয়েছে এবং কিশোর গ্যাংয়ের তৎপরতার বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
সিএমপি কর্মকর্তারা বলছেন, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/জেএইচ