টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর দেশটির ক্রিকেট মহলে বইছে পরিবর্তনের হাওয়া। বর্তমান অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনার মুখে পাকিস্তানের ক্রিকেটে নেতৃত্বের রদবদল এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। গুঞ্জন উঠেছে, নেতৃত্বের ব্যাটন আবারও তুলে দেওয়া হতে পারে শাহিন শাহ আফ্রিদির হাতে। তবে এমন খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রাশিদ লাতিফ। তার সাফ কথা, আফ্রিদি অধিনায়ক হওয়া তো দূরের কথা, বর্তমান ফর্ম অনুযায়ী দলেই থাকার যোগ্য নন।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হলেও নিউজিল্যান্ড সিরিজের পরই সেই দায়িত্ব কেড়ে নেওয়া হয়। বর্তমানে তিনি ওয়ানডে দলের নেতৃত্বে থাকলেও সেখানেও সময়টা ভালো যাচ্ছে না তার। সম্প্রতি বাংলাদেশের কাছে সিরিজ হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন নিজের ছায়া হয়ে। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে যেমন রান বিলিয়েছেন, তেমনি ভারতের বিপক্ষে মাত্র ২ ওভারে ৩১ রান দিয়ে একাদশ থেকে বাদও পড়েছিলেন। পরবর্তীতে দলে ফিরে উইকেট পেলেও তার বোলিংয়ের সেই চেনা ধার ও নিয়ন্ত্রণ দেখা যায়নি।
আফ্রিদিকে নিয়ে চলমান এই ডামাডোল মানতে পারছেন না রাশিদ লাতিফ। সাবেক এই ক্রিকেটারের মতে, আফ্রিদির সময় ফুরিয়ে এসেছে। কড়া সমালোচনা করে তিনি বলেন, 'বিশ্বকাপে দলের ব্যর্থতার পর এখন লোকে বলছে, শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হোক। আরে অধিনায়ক তো দূরের কথা, সে তো দলে থাকারই যোগ্য নয়। তার দলে থাকাই উচিত নয়।'
লাতিফ আরও মনে করেন, দল নির্বাচন ও অধিনায়কত্বের ক্ষেত্রে পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া উচিত, অতীত সাফল্যকে নয়। তিনি বলেন, 'হ্যাঁ, একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। এখন তো দলে জায়গাই প্রাপ্য নয় তার। অনেকেই এখন প্রচারণা চালাচ্ছে, তাকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি অধিনায়ক করা হোক। কিন্তু আমি টি-টোয়েন্টি দলে তার জায়গাই দেখি না। তার সময় শেষ।'
এসকেডি/এএসএম