বাগেরহাটের কচুয়ায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ভোরের দিকে কচুয়া বাজার ব্রিজ সংলগ্ন মঘিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
চা দোকানদার সোহাগ মাঝি বলেন, ‘অনেক কষ্ট করে দোকানটি দিয়েছিলাম। এনজিও থেকে ঋণ ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার করে দুটো ফ্রিজও কিনেছিলাম। ঈদ উপলক্ষে অনেক টাকার মালামাল উঠিয়েছিলাম। সব শেষ হয়ে গেলো। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবো, আবার কীভাবে ব্যবসা শুরু করবো আল্লাহ-ই ভালো জানেন।’
ক্ষতিগ্রস্ত সারের ডিলার মাসুদুর রহমান বলেন, ‘আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার সার মজুত ছিল, যা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। আমার দোকান ছাড়াও মুদি দোকান, বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডের দোকান, লন্ড্রি, সেলুন ও চায়ের দোকানসহ বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, বাজার কমিটির নেতা ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান ইউএনও আলী হাসান।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও টিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
নাহিদ ফরাজী/এসআর/এএসএম