আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের হামলা, সৌদি-তুরস্কের কঠোর প্রতিক্রিয়া

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এই হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে একাত্মতা প্রকাশ করেছে তুরস্ক।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার (২০ মার্চ) জানায়, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা। দখলদার দেশটি আরও বলেছে, তারা দ্রুজদের সুরক্ষায় কাজ চালিয়ে যাবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করে ইসরায়েল যে নগ্ন আগ্রাসন চালিয়েছে, তার নিন্দা জানাচ্ছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘনের অবসান ঘটানোর’ আহ্বান জানিয়েছে।

এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে বর্ণনা করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এটি বন্ধ করতে হবে।

গত বছরও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার সময় ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালিয়েছিল। তখনো সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার অজুহাত দিয়েছিল তারা। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট আঞ্চলিক সংঘাত থেকে সিরিয়া এখন পর্যন্ত নিজেকে দূরে রাখার চেষ্টা করে আসছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বৃহস্পতিবার (১৯ মার্চ) জানিয়েছে, সুয়েদা প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার দ্রুজ যোদ্ধা নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানায়, পরে সুয়েদা শহরের আবাসিক এলাকায় ইসরায়েল বোমাবর্ষণ করে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর ‘ন্যক্কারজনক হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দামেস্ক এই ইসরায়েলি হামলার পেছেনের যুক্তিকে ‘ভিত্তিহীন অজুহাত’ হিসেবে আখ্যা দিয়েছে ।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএএইচ