দেশজুড়ে

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাজু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আজম নামে একজনকে আটক করেছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে। রাজু দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি গাছ নিয়ে মাদামবিবিরহাট এলাকায় দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। সেখানে রাজুর এক আত্মীয় আজম একজনের পক্ষ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। রাজু আজমকে ঝগড়া করতে নিষেধ করে। এ নিয়ে রাজুর সঙ্গে আজমের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাত ৯টায় আজম ও তার চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারতে শুরু করে। ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থ্যাঁতলে দেওয়ার এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।

রাজুর বোন তাহমিনা আক্তার বলেন, আজম আমার মায়ের মামাতো ভাই। তাকে ঝগড়া করতে নিষেধ করায় সে রাতে আমার ভাইকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। আমি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও আজমকে আটক করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এমএস