বিনোদন

ঢাকায় হলো অভিষেক, কে এই জ্যোতির্ময়ী

কলকাতার এক কাগজে সোনা নিয়ে ফিচার ছাপা হলো। তাতে মডেল মেয়েটির উন্মুক্ত হাত, গলা আর কানে শোভা ছড়াচ্ছিল সোনার গয়না। মাত্র এক বছর আগের কথা। সেই সোনার মডেল মেয়েটির আজ নায়িকা হিসেবে অভিষেক হলো ঢাকায়।

জ্যোতির্ময়ী কুণ্ডু শাকিব খানের ‘প্রিন্স’ ছবির দুনম্বর নায়িকা। পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচ ছবির একটি ‘প্রিন্স’, তার অন্যতম অভিনেত্রী ঢাকার তাসনিয়া ফারিন। ঢাকার ছবিতে অভিষেক হওয়া জ্যোতির ব্যাপারে আজ টুকিটাকি না জানিয়ে পারা যায়?

জ্যোতি বর্ধমানের মেয়ে। ছোটবেলা থেকে মডেলিং করতেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে করতে একদিন নজর কেড়ে নেন এক আলোকচিত্রীর। সেখান থেকেই প্রথম ফটোশুটের ডাক পেয়েছিলেন। সেই থেকে হলো শুরু, বর্ধমান থেকে কলকাতা দৌড়ঝাপ। ধীরে ধীরে জ্যোতি নাচ শিখেছেন, অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছেন। তারপর মডেল থেকে একদিন হয়ে গেলেন অভিনয়শিল্পী।

জ্যোতির্ময়ী কুণ্ডু এখন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকেন। ‘বঁধুয়া’ নামের একটা ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল তার। দ্বিতীয় কাজ কলকাতার অভিনেতা দেব অধিকারীর বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতে। এই তো কদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটা। সেই বিবেচনায় জ্যোতি মূলত দেবের নায়িকা।

প্রথম ছবিতে বড় দুই তারকাকে সহশিল্পী হিসেবে পেয়েছেন জ্যোতির্ময়ী — মিঠুন চক্রবর্তী ও দেব অধিকারী। শাকিব খানের ঈদের ছবি ‘প্রিন্স’-এর প্রথম গান ‘পরী’ রিলিজের পর দ্রুত সেটি মিলিয়ন ভিউ পেরিয়ে যায়। ঘটনাটি উচ্ছ্বসিত করে জ্যোতিকে। ফেসবুকে সেই উচ্ছ্বাসের ভাগ দিয়ে লেখেন, ‘এবারের ঈদের প্রথম ও দ্রুততম মিলিনিয়ার একমাত্র গান “পরী”।

এর আগেও কলকাতার নায়িকা নিয়ে ছবি করেছিলেন শাকিব খান। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে কাজ করেছিলেন ইধিকা পাল। তারপর থেকে ব্যস্ততা বেড়ে গেছে তার। আবারও কলকাতা থেকে নতুন অভিনয়শিল্পী এনে জুটি গড়লেন ঢাকার শাকিব। এখন দেখার অপেক্ষা, ঢাকার দর্শক কীভাবে গ্রহণ করেন ওপার বাঙলার এই তরুণ শিল্পীকে।

আজ থেকে দেশজুড়ে ১৩৩টি সিনেমা হলে একযোগে চলছে ‘প্রিন্স’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। শাকিব খান, ফারিন, জ্যোতির্ময়ী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, এজাজুল ইসলাম প্রমুখ।

আরএমডি