জাতীয়

‘রঙিন জামা গায়ে ছেলে-মেয়েদের আনন্দ দেখে ভালো লাগছে’

‘পবিত্র রমজান মাসে স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে বাইরে তেমন ঘুরতে বের হওয়া হয়নি। গতকাল শনিবার বাচ্চাকে নিয়ে ঈদের নামাজ পড়েছি জাতীয় ঈদগাহে। আজ স্ত্রী সন্তানকে নিয়ে বেড়াতে এসেছি হাতিরঝিলে। বিকেলের সময়টা ভালোই কাটছে। সন্ধ্যার পর হাতিরঝিলে কোনো একটি রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে আছে।’

রোববার (২২ মার্চ) বিকেলে হাতিরঝিলে ঘুরতে এসে বলেন রাজধানী মগবাজারের বাসিন্দা দেলোয়ার হোসেন। তিনি বলেন, ঈদের সময়ে হাতিরঝিলের পরিবেশটা খুবই সুন্দর থাকে। অন্যান্য সময়ের মতো সড়কে তেমন শব্দ নেই। হকার এবং ভাসমান মানুষের সংখ্যা কম। বাতাসে ধুলাবালি না থাকায় বুক ভরে নিশ্বাস নেওয়া যায়। তাই এই সময়টা মিস করতে চাইনি। পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে চলে আসছি।

শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এই তারিখ ধরে গত মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাতদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। একইভাবে ওই সময় থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি হয়েছে। এর মধ্যে যারা ঢাকায় ঈদ করেছেন, তাদের আনন্দ বিনোদনের জন্য ঢাকায় যে কয়েকটি স্থান রয়েছে, হাতিরঝিল অন্যতম।

সরেজমিনে দেখা যায়, হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে হাতিরঝিলের বিভিন্ন অংশে সময় কাটাচ্ছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল হলে দর্শনার্থীর চাপও বাড়তে থাকে। ঝিলের মধুবাগ ব্রিজ, রামপুরা এবং পুলিশ প্লাজা মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। এর মধ্যে হাতিরঝিলে ঘোরার পাশাপাশি অনেকে নৌকায় চড়ছেন। 

পান্থপথের নবদম্পতি জাকির তালুকদার ও নাদিরা মনি। মাসখানেক আগে তারা বিয়ে করেছেন। এখন বাবা-মার সঙ্গে পান্থপথের একটি বাসায় ভাড়া থাকেন। 

জাকির তালুকদার বলেন, তার বাবা বাড়ি পটুয়াখালীতে। তবে সেখানে কেউ থাকে না। বাবা-মা তার সঙ্গে পান্থপথে থাকেন। ঈদ ছুটিতে এত ভিড়ের মধ্যে বাড়ি যাওয়ার উৎসাহ পাননি তারা। তাই ঢাকাতে ঈদ করেছেন। আর ঈদের ছুটিতে নববধূকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন।

তিনি বলেন, ঢাকায় বেড়ানোর জায়গা খুবই কম। এর মধ্যে যে কয়েকটা আছে, তার মধ্যে হাতিরঝিল উত্তম জায়গা। যদিও এখানকার পানি অনেক দূষিত।

তেজগাঁও বেগুনবাড়ির মোল্লাপাড়া বস্তিতে দুই ছেলে মেয়েকে নিয়ে থাকেন একটি কারখানার শ্রমিক সাইফুদ্দিন। বিকেল চারটার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে হাতিরঝিলে ঘুরতে বের হোন। এ সময় তারা ঈদের রঙিন জামা কাপড় পরে বের হন।

সাইফুদ্দিন বলেন, ঈদ উপলক্ষে তার পাঁচ দিন ছুটি ছিল। আগামীকাল থেকে ফের কাজ শুরু। এজন্য আজ ছেলে-মেয়েকে নিয়ে বের হয়েছি। তাদের আনন্দ খুশি দেখে নিজেরই ভালো লাগছে।

এমএমএ/এমআরএম