খেলাধুলা

প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে খেলা হচ্ছে না মাগালায়েসের

হাঁটুর চোটে পড়ে ব্রাজিলের জাতীয় দল থেকে ছিটকে গেছেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পরই এই চোট ধরা পড়ে।

ওয়েম্বলিতে সেই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। তবে ম্যাচ শেষে তিনি ডান হাঁটুতে ব্যথার কথা জানান।

ফলে বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না মাগালায়েস।

ব্রাজিল জাতীয় ফুটবল দলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন। ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ শেষে তিনি ডান হাঁটুতে ব্যথার কথা জানান তিনি। পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, আন্তর্জাতিক বিরতিতে তিনি ম্যাচ খেলার মতো ফিট নন এবং তার পরিবর্তে আর কাউকে দলে ডাকা হবে না।’

এদিকে, এই আন্তর্জাতিক বিরতিতে আর্সেনালের তৃতীয় খেলোয়াড় হিসেবে দল থেকে ছিটকে গেলেন গ্যাব্রিয়েল। এর আগে উইলিয়াম সালিবা গোড়ালির চোটে ফ্রান্স দল থেকে সরে দাঁড়ান এবং এবারেচি এজে পায়ের পেশির চোটে ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েন।

মাগালায়েস দুটি ম্যাচ থেকেই ছিটকে পড়লেও তার বদলি হিসেবে কাউকে স্কোয়াডে ডাকেনি ব্রাজিল।

আইএন