লাইফস্টাইল

নতুন দেশে প্রাণবন্ত মিম

ঘোরাঘুরি যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজের ফাঁকে নতুন নতুন দেশ দেখা, ভিন্ন সংস্কৃতি ছুঁয়ে দেখা এসবেই যেন নিজেকে নতুন করে খুঁজে পান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাম্প্রতিক সময়ে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের পর এবার তিনি পাড়ি জমিয়েছেন আরেক নতুন গন্তব্য ‘চীন’।

সফরের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুল করেননি এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন জায়গা, নতুন উদ্যম।’

ছবিগুলোতে মিমকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। কখনো ট্রেনে ভ্রমণ করছেন, কখনো স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছেন, আবার কখনো ক্যামেরার সামনে নানা ভঙ্গিতে ধরা দিচ্ছেন।

এই ভ্রমণে মিম একা নন, তার সঙ্গে রয়েছেন স্বামী সনি পোদ্দার এবং পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারকে পাশে নিয়ে কাটানো এমন সময়গুলো যেন তার জন্য বাড়তি আনন্দের। আর সেই আনন্দই যেন ছড়িয়ে পড়েছে তার ছবিগুলোতে।

ছবি পোস্ট করার পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন, কেউবা তার ভ্রমণ মুহূর্তের প্রশংসা করেছেন।

তবে শুধু ভ্রমণেই নয়, ক্যারিয়ার নিয়েও নতুন পরিকল্পনায় এগোচ্ছেন মিম। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি। সবশেষ ২০২২ সালে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। এরপর বেশ কিছুটা বিরতি নিলেও চলতি বছরই আবার পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

তিন বছরের বেশি সময় পর আবারও একসঙ্গে দেখা যাবে মিম ও শরীফুল রাজকে। আলভী আহমেদের পরিচালনায় নির্মিতব্য ‘জীবন অপেরা’ সিনেমায় এই জুটি দর্শকদের সামনে হাজির হবে। এ ছবিকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

এর পাশাপাশি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি অরিজিনাল ফিল্মেও কাজ করতে যাচ্ছেন মিম। শোনা যাচ্ছে, এই প্রজেক্টে তাকে দেখা যাবে একেবারেই ভিন্ন ধাঁচের চরিত্রে, যেখানে গ্ল্যামারের প্রচলিত ধারা ভেঙে নতুনভাবে নিজেকে উপস্থাপন করবেন তিনি।

সব মিলিয়ে বলা যায়, ভ্রমণের আনন্দ আর নতুন কাজের প্রস্তুতি দুটো মিলিয়েই সময়টা বেশ উপভোগ করছেন বিদ্যা সিনহা মিম। চীনের মাটিতে দাঁড়িয়ে তার ‘নতুন উদ্যম’ এর যে বার্তা, সেটাই হয়তো ইঙ্গিত দিচ্ছে দর্শকদের জন্য সামনে অপেক্ষা করছে এক নতুন মিম।

জেএস/