দেশজুড়ে

মায়ের কবরের পাশে শিশুর কান্নার ভিডিও ভাইরাল, সৎমাকে সতর্কতা

কুমিল্লায় সৎমায়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মায়ের কবরের পাশে বসে কান্না করছিল এক শিশু। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) ওই নারীকে ডেকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

ওই শিশুকে মায়ের কবরের পাশে কান্না করতে করতে বলতে শোনা যায়, ‘আরে (আমারে) কেন আপনার লগে (সঙ্গে) নিয়ে গেলেন না। আম্মু গো আই (আমি) আইছি (আসছি)। আম্মু গো বার (বের) অও (হও)। আরে (আমারে) লই (নিয়ে) যাইতে (যেতে) হারেন ন (পারেন নাই)? আরে কিল্লাই (কেন) থুই (রেখে) গেলেন?’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় সৃষ্টি হয়। পরে মঙ্গলবার শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎমা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন।

লালমাইয়ের উপজেলা কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ সঠিক। তারা দুই বোন। তাদের সৎমা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস