সাত দলের টুর্নামেন্টের খেলা হচ্ছে দুই গ্রুপে। বাংলাদেশকে নিয়ে 'বি' গ্রুপের দিকেই নজর সবার। এখানে অন্য দুই দল যে ভারত ও পাকিস্তান। তিন দলের গ্রুপটা রোমাঞ্চকর। একটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার পথটা প্রায় পরিষ্কার।
বাংলাদেশ ও ভারত দুই দলের টার্গেট ছিল পাকিস্তান। বাংলাদেশ সেই লক্ষ্যটা পূরণ করতে পেরেছে প্রথম ম্যাচেই। ফলে সেমিতে এক পা দিয়ে রেখেছে লাল-সবুজ জার্সিধারীরা।
'এ' গ্রুপের ম্যাচ দিয়ে মালের রাজধানী মালেতে টুর্নামেন্টের পর্দা উঠেছে সোমবার। মঙ্গলবার শুরু হলো বাংলাদেশ গ্রুপের খেলা। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ভারত জিতলে ভারতের সাথে বাংলাদেশেরও সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তখন ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।
এই ম্যাচে বাংলাদেশের আলোচনার কেন্দ্রে ছিলেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল। তার দুটি লক্ষ্যভেদেই বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালের পথে বাড়িয়ে রেখেছে এক পা।
প্রথমার্ধে প্রত্যাশানুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। ছন্নছাড়া ফুটবল খেলেছে বললেও ভুল হবে না। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ অন্যরকম ফুটবলই খেলেছে। পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেদুটি গোল আদায় করে নিয়েছে বাংলাদেশের যুবারা।
লাল-সবুজ জার্সিতে অভিষেক ম্যাচে রোনাল সুলিভান গোলের খাতা খোলেন ৫৪ মিনিটে। ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন এই প্রবাসী ফুটবলার। ৬৭ মিনিটে শেখ সংগ্রামের লম্বা ক্রসে হেডে দ্বিতীয় গোলের উদ্যাপন করেন সুলিভান।
৫৬ মিনিটে নাজমুলের বাড়ানো বল ধরে গোলকিপারকে একা পেয়েও মোরশেদ আলী সুযোগ কাজে লাগাতে পারেনি। ৬১ মিনিটে পাকিস্তান বল পাঠিয়েছিল বাংলাদেশের জালে। তবে বল জালে জড়ানোর আগে ফাউল হওয়ায় গোল দেননি রেফারি।
বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। যদি তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশকে কমপক্ষে ড্র করতে হবে ভারতের সঙ্গে।
আরআই/এমএমআর