আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য ‘কড়া’ শর্ত নির্ধারণ করেছে তেহরান। উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ এবং ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।

বুধবার (২৫ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা ও ব্যবস্থাপনা চালুর প্রস্তাব দিয়েছে ইরান। এ প্রস্তাবে হরমুজ প্রণালির একচ্ছত্র মালিকানার পাশাপাশি এই পথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায় করার কথা বলা হয়েছে। মিশর যেমন সুয়েজ খালের মালিক হিসেবে অর্থ আদায় করে তেমন কথাই জানানো হয়েছে।

এছাড়া তেহরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভবিষ্যতে মার্কিন সামরিক অভিযান না চালানোর নিশ্চয়তা এবং লেবাননভিত্তিক হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার বিষয়ে যে কোনো আলোচনার বিরোধিতা করেছে।

তবে, একজন মার্কিন কর্মকর্তা এসব দাবিকে ‘অযৌক্তিক ও অবাস্তব’ বলে মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, এই কঠোর অবস্থান আলোচনায় সমঝোতা পৌঁছানোকে আরও কঠিন করে তুলতে পারে।

মার্কিন ও আরব কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রথম বার্তাগুলো গত সপ্তাহের শেষ দিকে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আদান-প্রদান হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কেএম