সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত এমরান হোসেন (১৬) নামের ব্যাটারি চালিত টমটম চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চালক উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর ঈশানকোণা গ্রামের গ্যারেজ মালিক বাদশা মিয়া চালক এমরানের কাছে গাড়ি চার্জ বাবদ ৫০ টাকা পাওনা ছিলেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ওই টাকা চাওয়া নিয়ে দুই জনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাদশা মিয়ার পক্ষ নিয়ে প্রতিবেশী অন্য টমটম চালক জাকির হোসেন (৩২) লোহার রড দিয়ে এমরানের মাথায় সজোরে আঘাত করেন। এতে এমরান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহত চালক সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই ঘটনায় জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
লিপসন আহমেদ/কেএইচকে/এএসএম