আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে এসব হামলা চালানো হয়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিরোধ করতে পেরেছে, বাকি চারটি হয় উপসাগরে অথবা জনবসতিহীন এলাকায় পড়েছে।

কুয়েত জানিয়েছে, দেশটির প্রধান বাণিজ্যিক বন্দর শোয়াইখ লক্ষ্য করে শুক্রবার সকালে হামলা চালানো হয়। দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে, তাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা ইরান থেকে শুক্রবার নিক্ষেপ করা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নয়টি ড্রোন আটকিয়ে দিতে সমর্থ হয়েছে।

বাহারাইনের সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে তারা ১৫৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬২টি ড্রোন হামলা প্রতিরোধ করেছে। গতকাল এই পরিসংখ্যান দেওয়ার পর থেকে আরও ১২টি ড্রোন হামলার মোকাবিলা করেছে তারা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর, আইআরজিসি আগেই পুরো মধ্য প্রাচ্য অঞ্চলের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছিল, যে-সব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন নাগরিকরা সরে যান। তবে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি ওই হুঁশিয়ারিতে।

সূত্র: বিবিসি

এমএসএম