দেশজুড়ে

গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ফিলিং স্টেশনের (পাম্প) ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড ও খুচরা বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দুটি আদেশ দেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়নকে (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পাঁচ দিনে কারাদণ্ড দেন। এছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় নামক স্থানের সরকারে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রির দায়ে খুচরা তেল বিক্রেতা হেলাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় থানা পুলিশ সহযোগিতা করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তেল নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

আনোয়ার আল শামীম/এনএইচআর