বিনোদন

খোলা আকাশের নিচে সমুদ্রের গর্জনের তালে জমেছে সিনেমার উৎসব

সমুদ্রের গর্জন আর খোলা আকাশের নিচে শুরু হয়েছে ভিন্নধর্মী এক চলচ্চিত্র আয়োজন। ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ নামের এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন হয়ে গেল গতকাল শুক্রবার, ২৭ মার্চ।

জানা গেছে, কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে আজ শনিবার।

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিকেল ৪টায় উদ্বোধন হয় উৎসবের। উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

এই আয়োজনে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। উৎসবটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উৎসবের প্রথম দিনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠে। এরপর প্রদর্শিত হয় ‘ছায়াবৃক্ষ’ (পরিচালনা: বন্ধন বিশ্বাস), ‘জলরং’ (পরিচালনা: অপূর্ব রানা) এবং ‌বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত ‘ডট’ (পরিচালনা: বড়ুয়া সুনন্দা কাকন)।

উৎসবের সমাপনী দিন ২৮ মার্চ শুরু হবে ‘বেহুলা দরদী’ (পরিচালনা: সবুজ খান) প্রদর্শনের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে দেখানো হবে ‘ময়নার চর’ (পরিচালনা: মোস্তাফিজুর রহমান বাবু) এবং ‘মধ্যবিত্ত’ (পরিচালনা: তানভীর হাসান)।

উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, চলচ্চিত্রের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি এবং সময়ের বাস্তবতাকে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সচেতনতা, সংযোগ এবং পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম। সেই বিশ্বাস থেকেই এই উদ্যোগ।

 

এলআইএ