জাতীয়

পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা আর কত?

ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে জ্বালানি তেল নিয়ে অনিশ্চয়তা আরও প্রকট হয়েছে গত কয়েকদিনে।

ঈদের ছুটি শেষ। এর আগে থেকেই জ্বালানি তেলের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি লেগেই ছিল। ছুটি শেষে কর্মজীবী লোকজন ঢাকায় ফেরায় বেড়েছে কর্মব্যস্ততা, বেড়েছে যানবাহন চলাচলের সংখ্যা। শনিবার সকাল থেকেই পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে।

রাজধানীতে দিন কিংবা রাত সবসময় পাম্পগুলোর সামনে থাকছে যানবাহনের এমন দীর্ঘ সারি। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন

৯ জেলায় জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন 

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত 

রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন, আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটা পাম্পের সামনেই তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি। তেল নিতে আসা যানবাহন আর চালকদের তেলের অপেক্ষায় থাকতে দেখা গেছে। কেউ কেউ নিজেদের গাড়ির ওপরই বসে আছেন। কেউ আবার গাড়ি লাইনে রেখে হেঁটে বেড়াচ্ছেন। তেল নিতে আসা যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। অনেকে আক্ষেপ করে বলছেন, ‘জ্বালানি জন্য অপেক্ষা আর কত?’

আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, পাম্পে তেল না থাকায় কার্যক্রম বন্ধ। তবে তেল না দেওয়া হলেও আসাদগেট থেকে শুরু হয়ে জিয়া উদ্যানমুখী সড়কে যানবাহনের দীর্ঘ লাইন। ট্রাস্ট ফুয়েল স্টেশনের লাইন শেষ হয়েছে মহাখালীর কাছাকাছি। এছাড়া আসাদগেট সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে শুক্রবারের মতোই দীর্ঘ লাইন দেখা গেছে।

বিভিন্ন পাম্পের সামনে অপেক্ষারত যানবাহন চালকরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। অধিকাংশ পাম্পে রেশনিংয়ের মাধ্যমে নির্ধারিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, যা সীমিত।

কেআর/এসএনআর