ফরিদপুরে বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে দেলোয়ার হোসেন (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার মেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক দেলোয়ার হোসেন মেনদিয়া গ্রামের আফসার সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করতে যান। দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস