রাজনীতি

সরকারের ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর হয়নি: জামায়াত নেতা মিলন

সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণেই এবারের ঈদ সুখকর, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন ও আনন্দঘন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

ঢাকা-১২ আসনের এ সংসদ সদস্য বলেন, এবারের ঈদ নির্বাচন পরবর্তী প্রথম ঈদ হওয়ায় বিপুল সংখ্যক মানুষ গ্রামে ছুটে গিয়েছিল। কিন্তু যাতায়াতের পথ মোটেও সুখকর ছিল না। সড়ক ও রেলপথে চরম অব্যবস্থাপনার কারণে মর্মান্তিকভাবে আমরা অনেক স্বজনকে হারিয়েছি। রেলগেটে লোক থাকছে না, ট্রেনের সংঘর্ষ হচ্ছে, অথচ দায়িত্বপ্রাপ্তরা কেবল অজুহাত দেখাচ্ছেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উদ্বেগ প্রকাশ করে সাইফুল আলম খান মিলন বলেন, তদন্ত বা বরখাস্তের মতো ধোঁয়াশা কাজ দিয়ে আসল সমস্যার সমাধান হবে না। বাসের অতিরিক্ত ভাড়া আদায় এবং ঈদযাত্রায় চাঁদাবাজির বিষয়ে সংশ্লিষ্টদের ব্যর্থতার দায়ভার নিতে হবে। কথা কম বলে কাজের মাধ্যমে এসব দুর্ঘটনা ও জনদুর্ভোগ বন্ধ করতে হবে।

আরও পড়ুনসড়কে নিহতের সংখ্যা বাড়ছেই, অনিশ্চয়তায় ৩ লাখ চালকের প্রশিক্ষণ সংসদকে আরও কার্যকর করার আশাবাদ জামায়াতের 

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা সহায়তা প্রদানকে ‘মশকরা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, মানুষের জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। সরকারের উচিত কেবল সমবেদনা না জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মজবুতভাবে দাঁড়ানো।

এসময় তিনি তার নির্বাচনি এলাকার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। সাইফুল আলম খান মিলন বলেন, বিটিসিএল (জিপিটি) স্কুলের মাঠটি স্থানীয় নারী ও শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া মধুবাগ এলাকার ঘিঞ্জি ও রাস্তার ওপর বসা বাজার সরিয়ে একটি পরিকল্পিত স্থানে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে এবং হাতিরঝিলসহ পুরো এলাকায় মশা নিধন কর্মসূচি জোরদার করতে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা পূর্ব আমির অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জিল্লুর রহমান আজমী। হাতিরঝিল থানা পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মোকতার আলী, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হেমায়েত হোসাইন ও মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি সাজ্জাদ হোসাইন শিহাব প্রমুখ।

আরএএস/কেএসআর