আন্তর্জাতিক

ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ, তেল আবিব-হাইফায় গ্রেফতার ২১

ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার রাতে ইসরায়েল জুড়ে পুলিশ ২১ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে দেশব্যাপী প্রধান শহরগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভ জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসব বিক্ষোভে শত শত মানুষ সমবেত হয়েছিল। খবর টাইমস অব ইসরায়েল।

গ্রেফতার হওয়াদের মধ্যে ১৩ জন তেল আবিবের এবং বাকি ৮ জন হাইফার বাসিন্দা। জেরুজালেম এবং বীরশেবাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভের ঢেউ। তেল আবিব ও জেরুজালেমে শত শত এবং হাইফাতে প্রায় ১০০ জন এতে অংশ নেন।

তেল আবিবের হাবিমা স্কোয়ারে বিক্ষোভকারীরা যুদ্ধের নিন্দা জানান এবং ইরানের সঙ্গে চলমান লড়াইয়ের মধ্যে জোট সরকারের আইনপ্রণেতাদের বিতর্কিত আইন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, চিরস্থায়ী যুদ্ধ কোনো কৌশল নয় এবং এই জটিল সময়েও আমাদের এর বিরোধিতা করতে হবে।

টিটিএন