গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মজুতকৃত ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
রোববার (২৯ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে তেল মজুতের দায়ে মুদি দোকানি আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকানে থাকা ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান চলমান রয়েছে।
আনোয়ার আল শামীম/এমএন/এমএস