সমকালকে ধারণ করে সমধারার উদ্যোগে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে ‘দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হবে। বরাবরের মতো উৎসবের সহযোগী হিসেবে আছে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ‘ইপসা’। কথাসাহিত্যিক ও শিল্পী ধ্রুব এষের নামকরণ ‘কবিতাই পারে’ স্লোগানে উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি সরোজ দেবকে। যিনি ২০২১ সালে কবিতা সাহিত্যে সমধারা সাহিত্য পুরস্কার পেয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে দেশের ২০০ জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত থাকবেন। যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব। ২০০ কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৬’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হবে। এ ছাড়া নিয়মিত সমধারার ১১০তম সংখ্যাও প্রকাশিত হবে। সংখ্যাটি পুরস্কারপ্রাপ্ত ৩ গুণীকে নিবেদন করে প্রকাশিত হবে।
মোট তিন পর্বে উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ; দ্বিতীয় পর্বে কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত মোস্তফা কামালের উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’ অবলম্বনে কাব্যগীতি নৃত্যনাট্য ‘প্রেমার্ঘ্য নৈবেদ্য’। গ্রন্থনা ও রচনা করেছেন ফরিদ আহমদ দুলাল। নির্দেশনায় সালেক নাছির উদ্দিন। এতে সমধারা পরিবারের ২৫ শিল্পী অংশগ্রহণ করবেন। তৃতীয় পর্বে ‘সমধারা সাহিত্য পুরস্কার ২০২৬’ দেওয়া হবে।
আরও পড়ুনলেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণাএ বছর সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন কথাসাহিত্যে কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতায় কবি আদ্যনাথ ঘোষ ও শিশুসাহিত্যে বিজ্ঞানী ও ছড়াকার ধনঞ্জয় সাহা। পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ, পোট্রেট এবং উত্তরীয় দেওয়া হবে।
উৎসবের আয়োজক সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন বলেন, ‘সমধারা কবিতা উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় প্লাটফর্ম। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। এতে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে। উৎসবে সব সাহিত্যপ্রেমীকে আমন্ত্রণ জানাচ্ছি।’
এসইউ