আইন-আদালত

মাসুদ-খালেদকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

মানবতাবিরোধী অপরাধের দুটি আলাদা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে আসামি করার জন্য রোববার (২৯ মার্চ) তাদের গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছে প্রসিকিউশন।

এ সংক্রান্ত বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে।

আবেদনের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে মামুন খালেদকে ও জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

ট্রাইব্যুনাল-২ এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানায় প্রসিকিউশন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তার ঢাকার বাসা থেকে গ্রেফতার করে ডিবি। পরে পল্টন থানার মানব পাচার সংক্রান্ত একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি।

অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেফতার করে ডিবি। মিরপুর থানার জুলাই গণঅভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এফএইচ/এসএনআর