সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও মানবপাচারের গুরুতর অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ মার্চ) পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসময় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আরও সাতদিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন আংশিক মঞ্জুর করে ছয়দিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুনমানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ মার্চ একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান।
এমডিএএ/ইএ