ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসছেন তিনি। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী শাবনূর।
রোববার (২৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন শাবনূর। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন সিয়াম আহমেদ। তোমার স্বপ্নপূরণের পথে নিরন্তর সাফল্য কামনা করি। তোমার প্রতিভা ও পরিশ্রমে পৃথিবী আলোকিত হোক!’
নায়িকার এমন আবেগঘন শুভেচ্ছা পোস্টে সাড়া দেন ভক্তরাও। কমেন্টে প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই শাবনূরকে আবারও নতুন সিনেমায় দেখার আগ্রহ প্রকাশ করেন।
এর আগে ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিনেও শুভেচ্ছা জানিয়ে আলোচনায় আসেন শাবনূর। সেই পোস্টেও ভক্তরা শাকিব-শাবনূর জুটির নতুন সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শাবনূরের। প্রথম ছবি তেমন সাফল্য না পেলেও প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি গড়ে তিনি দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।
ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস এবং শাকিব খানসহ বহু তারকার সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
ক্যারিয়ারের শীর্ষ সময়ে অভিনয় থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে নারীকেন্দ্রিক ‘রঙ্গনা’ সিনেমায় কাজ করেন তিনি, যার নির্মাণকাজ এখনো শেষ হয়নি।
এমআই/এমএমএফ