নেত্রকোনার কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শান্তিরঞ্জন দেবনাথ (৪৭) নামে এক ডাম্প ট্রাকচালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি ৫২০ ঘনফুট বালুসহ ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
দণ্ডপ্রাপ্ত শান্তিরঞ্জন দেবনাথ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার হাসানোয়াগাঁও এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্প ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বালু পাচারের প্রস্তুতির গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় ডাম্প ট্রাকচালক শান্তিরঞ্জন দেবনাথকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় প্রায় ৫২০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শান্তিরঞ্জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার সন্ধ্যার পর নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এমএস