বিনোদন

মৃত্যুর রহস্য কাটতেই ফের আলোচনায় জুবিন গার্গ

ভারতের আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর ঘটনাটি ঘিরে দীর্ঘদিন ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সেই রহস্যের জট খুলেছে সিঙ্গাপুর আদালতের রায়ে। আর এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন এই গায়ক-তার নামেই নামকরণ করা হয়েছে এক বিরল প্রজাতির প্রজাপতির।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় রহস্যজনকভাবে প্রাণ হারান জুবিন গর্গ। বিদেশের মাটিতে অসমের এই কৃতি সন্তানের মৃত্যুতে অনেকেই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে মৃত্যুর প্রায় ছয় মাস পর সিঙ্গাপুর আদালত পুলিশ কোস্ট গার্ডের প্রতিবেদনের ভিত্তিতে জানায়, লাজারাস দ্বীপের কাছে সমুদ্রে ডুবে যাওয়ার কারণেই ৫২ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়েছিল। আদালতের এই রায়ে ভক্তদের উদ্বেগ অনেকটাই কমেছে।

এর মাঝেই জুবিন গার্গকে ঘিরে সামনে এসেছে এক ব্যতিক্রমী সম্মাননা। অরুণাচল প্রদেশের ঘন জঙ্গলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির প্রজাপতির, যার বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘ইউথালিয়া জুবিনগর্গি’। এই নামকরণের মাধ্যমে একদিকে যেমন ওই অঞ্চলের জীববৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে, তেমনি প্রয়াত শিল্পীর সাংস্কৃতিক প্রভাবকেও সম্মান জানানো হয়েছে।

জানা গেছে, এর আগে মানস জাতীয় উদ্যানে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির গাছের নামও রাখা হয়েছিল জুবিন গর্গের নামে। শুধু তাই নয়, তাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অসম সরকার। কাজিরাঙা জাতীয় উদ্যানে এক হস্তিশাবকের নাম রাখা হয়েছিল তার জনপ্রিয় গান ‘মায়াবিনী’র নাম অনুসারে।

সম্প্রতি অরুণাচল প্রদেশের জঙ্গলে এই বিরল প্রজাপতির খোঁজ পান গবেষক রোশন উপাধ্যায় ও কালেশ সদাশিবন। রোশন বর্তমানে পাঞ্জাবের আরআইএমটি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং কালেশ ত্রাভাঙ্কোর ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সঙ্গে যুক্ত। তারাই নতুন এই প্রজাতির প্রজাপতির নাম দিয়েছেন ‘বাসার ডিউক’।

আরও পড়ুন:‘রাক্ষস’ দিয়ে আলোচনায় ঢালিউডের নতুন ভিলেন ‘ভালো মা’ হতে সদগুরুর কাছে থেকে পরামর্শ নিলেন আলিয়া 

সব মিলিয়ে, মৃত্যুর রহস্য কাটার পর নতুন সম্মাননায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন জুবিন গার্গ।

এমএমএফ