বলিউড তারকা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে দাপট দেখিয়েই চলেছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির আয় ঊর্ধ্বমুখী, যা বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ করে দ্বিতীয় শনিবারে সিনেমাটির আয় যেন নতুন উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার যেখানে কিছুটা স্থিরতা ছিল, সেখানে শনিবার এক লাফে প্রায় ৪৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়। ওই দিন ঘরোয়া বক্স অফিসে সিনেমাটি আয় করে প্রায় ৭২ দশমিক ৪ কোটি রুপি (নেট), যা চলতি বছরের অন্যতম বড় একদিনের সংগ্রহ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ পর্যন্ত ভারতের বাজারে ‘ধুরন্ধর ২’সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৭৭৮ কোটি রুপি এবং গ্রস আয় ৯২৯ কোটি রুপি। অন্যদিকে বিশ্বব্যাপী সিনেমাটির আয় এরই মধ্যে ১২২৫ কোটি রুপি ছাড়িয়েছে, যা সিনেমাটিকে ব্লকবাস্টারের কাতারে নিয়ে গেছে।
দশম দিনেও সিনেমাটির আয় ছিল চমকপ্রদ। হিন্দি ভার্সনে ৫৭ দশমিক ৫০ কোটি রুপি আয় ছাড়াও তেলুগু, কন্নড়, মালয়ালাম ও তামিল ভাষায়ও সিনেমাটির উপস্থিতি লক্ষণীয়। সব মিলিয়ে দশম দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৮ দশমিক ২৭ কোটি রুপি।
সিনেমাটির সাফল্যের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে শক্তিশালী কাস্টিং ও নির্মাণশৈলীকে। রণবীর সিংয়ের ‘আন্ডারকভার এজেন্ট’ রূপ দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি সঞ্জয় দত্তর ভয়ংকর ভিলেন অবতার এবং আর মাধবনের বুদ্ধিদীপ্ত উপস্থিতি সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পরিচালক আদিত্য ধর আবারও প্রমাণ করেছেন, অ্যাকশন-ড্রামা ঘরানায় তার দক্ষতা অনন্য।
বিশ্লেষকদের মতে, এই গতিতে এগোতে থাকলে সিনেমাটি শিগগির ২০০০ কোটির মাইলফলকের কাছাকাছি পৌঁছে যেতে পারে। উল্লেখ্য, বলিউডের সর্বকালের অন্যতম ব্যবসাসফল সিনেমা দঙ্গল বিশ্বব্যাপী ২০৭০ কোটির বেশি আয় করেছিল। সেই রেকর্ডেও চোখ রাখছে ‘ধুরন্ধর ২’।
সব মিলিয়ে, দর্শকদের ভালোবাসা আর ইতিবাচক প্রতিক্রিয়ায় ভর করে ‘ধুরন্ধর ২’ এখন বক্স অফিসের অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন:‘রাক্ষস’ দিয়ে আলোচনায় ঢালিউডের নতুন ভিলেন ‘ভালো মা’ হতে সদগুরুর কাছে থেকে পরামর্শ নিলেন আলিয়া
আদিত্য ধরের নিপুণ পরিচালনায় রণবীর সিং ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদী। স্পাই ইউনিভার্সের এই টানটান উত্তেজনা দর্শকদের বারবার হলমুখী করছে।
এমএমএফ