সাতক্ষীরার শ্যামনগরে আশা ফুয়েল স্টেশন ও ইটভাটা মালিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির তিন নারী সদস্যকে অজ্ঞান করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোরচক্র। এসময় বাড়িতে থাকা এক ড্রাম পেট্রোল ও মোটরসাইকেলের ট্যাংকের পেট্রোলও চুরি করে নিয়ে চোরেরা।
রোববার (২৯ মার্চ) ভোরের দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে আশা ব্রিকস ও আশা পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরির সময় গৃহকর্তার স্ত্রী শামসুন্নাহার বেগম, পুত্রবধূ নুরিতারা খাতুন এবং নাতনি আরিয়ানা খাতুনকে কৌশলে অজ্ঞান করে দুর্বৃত্তরা। বর্তমানে শামসুন্নাহার বেগম শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
গৃহকর্তার ছেলে মতিউর রহমান নান্টু বলেন, ‘সকালে বাড়িতে ফিরে গেট বন্ধ দেখতে পাই। অনেক ডাকাডাকির পর আমার স্ত্রী গেট খুলে দেয়। পরে দেখি মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। মায়ের ঘরে গিয়ে তাকেও অজ্ঞান অবস্থায় পাই। এরপর দ্বিতীয় তলায় গিয়ে দেখি ঘরের জানালার গ্রিল কাটা, আলমারি ভাঙা এবং সবকিছু তছনছ করা।’
তিনি বলেন, ‘চোরেরা আলমারি ভেঙে আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে তারা। নগদ টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান।
তিনি বলেন, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস