প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, মেয়ে হাসপাতালে

মালয়েশিয়ায় একটি মাল্টি-পারপাস ভেহিকল (এমপিভি) নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত এবং তার আট বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তিন সদস্যের একটি পরিবার মালয়েশিয়ার জোহর বারুর উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনায় ৪৬ বছর বয়সী সুফাত আইনি ঘটনাস্থলেই মাথা ও শরীরে গুরুতর আঘাতের কারণে মারা যান।

দেশটির টাংকাক জেলার পুলিশ প্রধান রোসলান মোহদ তালিব জানান, গাড়িটি চালাচ্ছিলেন নিহতের ৪১ বছর বয়সী স্ত্রী। ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে থাকা গার্ডরেইলে আঘাত করে। সামনের যাত্রী আসনে বসা সুফাত আইনি ঘটনাস্থলেই মারা যান।

পেছনের আসনে থাকা তাদের মেয়ে শরীর ও মুখে আঘাত পেয়ে আহত হন। তাকে দ্রুত দেশটির মুয়ারের হাসপাতাল পাকর সুলতানাহ ফাতিমাহ (এইচপিএসএফ)-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা করা হয়েছে।

গাম্বির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহদ খালিদ মোহদ আরিস জানান, বিকেল ৪টা ৪২ মিনিটে জরুরি কল পাওয়ার পর ছয়জন দমকলকর্মী ও একটি ফায়ার রেসকিউ টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি সামনের যাত্রী আসনে আটকে পড়েছিলেন। পরে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তাকে বের করে পুলিশে হস্তান্তর করা হয়। চালক স্ত্রী প্রাণে বেঁচে গেছেন।

এমআরএম