প্রবাস

জ্বালানি সংকট ঠেকাতে দোকান-রেস্টুরেন্ট রাত ৯টার মধ্যে বন্ধের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট গভীরতর হওয়ায় মিশরে দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া এই সাময়িক পদক্ষেপগুলো আগামী এক মাস কার্যকর থাকবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন রাত ৯টার (গ্রিনিচ মান সময় ৭টা) মধ্যে সব খুচরা দোকান, রেস্টুরেন্ট ও ক্যাফে বন্ধ করতে হবে। ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের চাপ মোকাবিলায় এটি ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

এছাড়াও, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সড়কের আলোকসজ্জা ও বিজ্ঞাপনের আলো কমানো এবং এপ্রিল মাসে সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, কায়রোর শহরের অলিগলির দোকানপাট, রেস্টুরেন্ট ও ক্যাফেগুলো রাত ৯টা আগেই বন্ধ হয়ে যেতে।

তবে পর্যটন খাতকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, হোটেল ও পর্যটনকেন্দ্রগুলো এই নিয়মের আওতামুক্ত থাকবে, কারণ দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান প্রায় ১০ শতাংশ।

পরিস্থিতি সামাল দিতে মিশর সরকার এরই মধ্যে জ্বালানির দাম ও গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। পাশাপাশি বড় আকারের জ্বালানিনির্ভর সরকারি প্রকল্প ধীরগতিতে চালানো এবং সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ প্রায় এক-তৃতীয়াংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ড. মোস্তাফা মাদবুলি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি ব্যবহারে সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সরকারের একার দায়িত্ব নয়, বরং সরকার ও নাগরিকদের যৌথ দায়িত্ব।

তিনি আরও বলেন, যদি যুদ্ধ কয়েক মাস ধরে চলতে থাকে, তাহলে আমাদের সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে এবং যেন এটি মিশরের অর্থনীতির গতিশীলতায় প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে হবে।

এমআরএম