শহরের রাস্তায় লাখো মানুষের আসা-যাওয়া। অফিস, যানজট, কোলাহলের মধ্যেও অদ্ভুত এক শ্রেণির নিঃসঙ্গ মানুষ আছেন। দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরেন তারা, কিন্তু অপেক্ষায় থাকেন না কেউ। তাদের ঘরে কোনো কথা থাকে না, কোনো সঙ্গ-সঙ্গী থাকে না। আধুনিক জীবনের এই নীরব বাস্তবতার নাম ‘একাকিত্ব’। দীর্ঘমেয়াদি এর প্রভাব মানুষের মন, শরীর ও আচরণে ছাপ ফেলে। এক কথায় বলা যায়, একাকিত্ব শুধু অনুভূতি নয়, বরং একটি বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট। যদিও প্রশ্ন আসে- একা যারা বাঁচে, কেমন থাকে?
কেন একাকিত্বের সঙ্গে? মানুষ সামাজিক জীব-কথাটি বহু পুরোনো। তবু আধুনিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তিনির্ভরতা, ব্যক্তিকেন্দ্রিকতা-সব মিলিয়ে আজ মানুষের জীবনে একাকিত্ব যেন নীরব মহামারি। ব্যস্ততা ছাড়াও জীবনের প্রয়োজনে, ঘটনাচক্রে কিংবা কোনো ক্ষোভ থেকেও একা হচ্ছে মানুষ। আবার কেউ নিজের ইচ্ছায় একা হচ্ছেন, কেউবা পরিস্থিতির চাপে। জানা যায়, ঘটনাচক্রে বাবা-মা-ভাই-বোনের সান্নিধ্য হারিয়ে মানুষ একা হয়ে যায়। কোনো দুর্ঘটনায় স্ত্রী-সন্তান হারিয়ে একা হয়ে যায়। আবার স্বপ্নে সমান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পেরেও মানুষ একাকিত্বে চলে যায়। প্রেমিকা-প্রেম হারিয়েও একা হয়ে যায়। এছাড়া সন্তান না থাকা, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া বা ঋণগ্রস্ত হয়ে পড়াসহ এমন আরো নানা কারণ আছে…।
তবে একা থাকা আর একাকিত্ব-এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একা থাকা সবসময় একাকিত্ব নয়। কিন্তু একাকিত্ব হলো সেই অনুভূতি, যখন মানুষ সম্পর্কের অভাব অনুভব করে, যদিও তার চারপাশে হাজারো মানুষ থাকে। মনোবিজ্ঞানীরা বলেন, ‘একাকিত্ব একটি সাবজেক্টিভ অভিজ্ঞতা-এটি মানুষের ভেতরের শূন্যতা, যা বাহ্যিক উপস্থিতি দিয়ে সবসময় পূরণ করা যায় না।’
একা মানুষের জীবন: বাইরে শান্ত, ভেতরে ঝড়
যারা একা থাকেন, তাদের জীবন বাইরে থেকে অনেক সময় শান্ত, স্বাধীন এবং নিয়ন্ত্রিত মনে হয়। নিজের মতো করে সময় কাটানো, সিদ্ধান্ত নেওয়া, স্বাধীনতা ও সৃজনশীলতার জন্য কেউ নিজের ইচ্ছায় একা থাকেন। এসব তাদের স্বাধীনতার অংশ। কিন্তু দিনের শেষে কথা বলার মতো কেউ না থাকা, অনুভূতি ভাগ করার মানুষ না থাকা-এগুলো ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করে। অনেকেই এই একাকিত্ব ঢাকতে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, কেউ সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটান, কেউ আবার নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেন, আবার কেউ কেউ বন্ধুদের আড্ডা বা নেশার আয়োজনে নিজেকে বিলিয়ে দেন।
নিঃসঙ্গতা থেকে বিষণ্ণত: ধীরে ধীরে বদলে যায় মানুষ
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একাকিত্ব শুধু একটি অনুভূতি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক ঝুঁকির কারণ। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘদিন একা থাকেন তারা অন্যদের তুলনায় দ্বিগুণ বেশি বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।
একাকিত্বের ফলে সাধারণত নানা মানসিক পরিবর্তন দেখা যায়। এরমধ্যে নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া, আত্মসম্মান কমে যাওয়া, উদ্বেগ ও ভয় বৃদ্ধি, সামাজিক মেলামেশা থেকে দূরে সরে যাওয়া ও আত্মহত্যাপ্রবণ চিন্তা। একাকিত্ব ধীরে ধীরে ‘নেগেটিভ চিন্তার চক্র’ তৈরি করে, যেখানে মানুষ নিজেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে।
একাকিত্ব মানুষের আচরণকে নীরবে বদলে দেয়। গবেষণায় দেখা গেছে, একা মানুষদের মধ্যে কিছু নির্দিষ্ট আচরণ বেশি দেখা যায়। শারীরিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়া, ধূমপান বা মাদকাসক্তির ঝুঁকি বৃদ্ধি, সামাজিক সম্পর্ক এড়িয়ে চলা ও অতিরিক্ত ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহারসহ নানা নেতিবাচক পরিবর্তনের কারণ এই একাকীত্ব। অনেক ক্ষেত্রে তারা বাস্তব সম্পর্কের বদলে ভার্চুয়াল যোগাযোগে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যা একাকিত্ব আরও বাড়িয়ে দেয়।
একাকিত্ব খাদ্যাভ্যাসেও প্রভাব ফেলে। একা মানুষদের মধ্যে সাধারণত দেখা যায়-অনিয়মিত খাওয়া, অতিরিক্ত ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, অনেক সময় না খেয়ে থাকা বা অতিরিক্ত খাওয়া, রান্নার প্রতি অনীহা। কারণ একা খাওয়ার মধ্যে আনন্দ কম থাকে। ফলে পুষ্টিহীনতা বা স্থূলতা দুটিই দেখা দিতে পারে।
একাকিত্বের সবচেয়ে ভয়ংকর দিক হলো এটি দৃশ্যমান নয়। একজন মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেঙে পড়তে পারেন। ধীরে ধীরে এটি মানসিক, শারীরিক এবং সামাজিক সব স্তরে ক্ষতি করে।
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে একাকিত্ব
একাকিত্ব শুধুই মানসিক নয়, বরং শারীরিক স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে। গবেষণায় দেখা গেছে-একাকিত্ব হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এছাড়া রক্তচাপ ও শরীরের প্রদাহ বাড়ে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে, ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে, আগাম মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, একাকিত্বের কারণে বছরে প্রায় ৮ লাখের বেশি মানুষ মারা যায়।
সামাজিক ও অর্থনৈতিক প্রভাব
একাকিত্ব শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক সমস্যাও। গবেষণায় দেখা গেছে-একাকী মানুষদের চাকরি ধরে রাখা কঠিন হয়, আয় কমে যেতে পারে, শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার ঝুঁকি থাকে। অর্থাৎ, এটি সমাজের উৎপাদনশীলতাকেও প্রভাবিত করে।
একাকিত্বের বৈশ্বিক চিত্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান থেকে জানা যায়, বিশ্বে প্রায় ১৬ শতাংশ মানুষ একাকিত্বে ভোগে। নিম্ন আয়ের দেশে এই হার প্রায় ২৪ শতাংশ। বয়স্কদের মধ্যে ৩ জনে ১ জন সামাজিকভাবে বিচ্ছিন্ন। কিশোরদের মধ্যেও একাকিত্ব দ্রুত বাড়ছে। এই পরিসংখ্যান দেখায় এটি কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট।
নীরব কিন্তু গভীর সংকট
নাম প্রকাশে অনিচ্ছুক ৩২ বছর বয়সী একজন বেসরকারি চাকরিজীবী জানান, ‘সারাদিন অফিসে মানুষের সঙ্গে কাজ করি। কিন্তু বাসায় ফিরে মনে হয়, আমি একদম একা। কারো সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ নেই। কথা বলার কেউ না থাকা, এ যেন এক নিঃশব্দ যন্ত্রণা।’
একা থাকা সবসময় খারাপ নয়-কিন্তু একাকিত্ব ক্ষতিকর। চিকিৎসাবিজ্ঞান এখন একাকিত্বকে একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচনা করছে। তাই প্রয়োজন, সম্পর্ক গড়ে তোলা, সামাজিক যোগাযোগ বাড়ানো, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। প্রয়োজন পরিবার, বন্ধু, সমাজের সম্পর্কগুলোও সংযোগে থাকা। এই সম্পর্কগুলোই মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে।
চিকিৎসকদের ভাষায়, একা থাকা হয়তো স্বাধীনতা দেয়, কিন্তু একাকিত্ব মানুষকে ভেতর থেকে ক্ষয় করে। জীবনের সত্যিকারের শক্তি আসে সম্পর্ক থেকে কথা বলা, শোনা, অনুভব ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে। এই নীরব মহামারির বিরুদ্ধে লড়াই করতে হলে প্রয়োজন একটু সময়, একটু মনোযোগ, আর একজন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। কারণ মানুষ শেষ পর্যন্ত একা নয় সে সম্পর্কের মাঝেই বেঁচে থাকে।
আরও পড়ুনপেট্রোল-ডিজেলের বাংলা কী জানেন?নারীর সঙ্গে পরিবেশ, পরিবেশের সঙ্গে উন্নয়ন
কেএসকে