ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে খুচরা ব্যবসায়ীদের অবৈধভাবে তেল সরবরাহের অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে মহাসড়কের পাশে এভাবে তেল বিক্রির দৃশ্য স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে (নম্বর ১১-৭১৫৫) একটি ট্যাংক লরি থামিয়ে ড্রাম ভরে তেল সরবরাহ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার স্থানীয় তেল ব্যবসায়ী শাহিনকে চার ব্যারেল ডিজেল এবং আরও দুই খুচরা ব্যবসায়ীকে কয়েক ব্যারেল তেল দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লরি থেকে ব্যারেল বা ড্রামে সরাসরি জ্বালানি তেল আনলোড করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি জানতে পেরে সচিব ও স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম