জাতীয়

পড়ে গিয়ে আহত চট্টগ্রামের এসপি, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, বাসায় পড়ে গিয়ে এসপি নাজির আহমেদ খানের পা ও কোমরের সংযোগস্থলের হাড় ভেঙে যায়। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

তাকে দ্রুত ঢাকায় নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বিত সহযোগিতা পাওয়া যায়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসা তদারকি করেন এবং হেলিকপ্টারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।

বিমান বাহিনীর সহায়তায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরসংলগ্ন আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজের হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে সেখানে নেওয়ার পর তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম বলেন, এসপি স্যারকে ঢাকায় স্থানান্তরের পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা পাওয়া গেছে।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, একজন সহকর্মী হিসেবে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করেছি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এসপি মহোদয় আমাদের একজন দায়িত্বশীল সহকর্মী। তার চিকিৎসার জন্য সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

এসপির স্ত্রী শাহানারা শিল্পী জানান, তার স্বামীর অপারেশন ঢাকায়ই করা হবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

এমআরএএইচ