দেশজুড়ে

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে আলেমদের প্রতিবাদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জের স্থানীয় আলেম-ওলামারা।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসুল্লি ছাড়াও রাজনৈতিক নেতারা অংশ নেন।

শহরের দরগাহ রোড মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল্লাহ সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়া বক্তব্য রাখেন মুফতি মাওলানা রেজাউল করিম, মুফতি মাওলানা আহমাদুল্লাহ সিরাজী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা তারিকুল ইসলাম, মুফতি নোমান, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা নুরনবী হোসাইনী ও মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল।

বক্তারা আমির হামজার অতীতের বিভিন্ন সময়ে বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্যের সমালোচনা করে বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার ওই মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিদের অবমাননা করলে তার দায় এড়ানোর সুযোগ নেই। ইকবাল হাসান মাহমুদ টুকুকে যিনি নাস্তিক ও ধর্মবিদ্বেষী বলেছেন এ দায় তার ওপরই বর্তায়। তারা ধর্মের নামে ও মিথ্যা অপব্যাখ্যা থেকে আমির হামজাকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এম এ মালেক/কেএইচকে/এএসএম