জাতীয়

শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের নয় মাস বয়সী শিশু সন্তান রাইয়ান জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছে। প্রায় ৯ দশমিক ২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জন্মগত জটিলতায় ছোট্ট এই শিশুর জীবন হয়ে উঠেছে কষ্টের আর্তনাদে ভরা। চিকিৎসার ভার সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন বাবা হারুন।

এই কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধিদল রাইয়ানের পরিবারের পাশে দাঁড়ায়।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক দিনকালের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাইয়ানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হারুনের হাতে তুলে দেয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হারুন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার সন্তানের চিকিৎসার জন্য এই সহায়তা আমাদের জন্য আশার আলো হয়ে এসেছে।

এসময় শাহাদত জামান তারা, মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা এ সময় রাইয়ানের পরিবারের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং ভবিষ্যতে চিকিৎসাজনিত যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন।

কেএইচ/ইএ