২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম।
এর আগে, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে জলিলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন আব্দুল জলিল। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে করা এইমামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য রয়েছে। এর আগে, গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন।
শাপলা চত্বরে হত্যাযজ্ঞের অভিযোগে করা মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পাঁচজন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতক আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়।
এফএইচ/এসএনআর