অর্থনীতি

যুদ্ধ পরিস্থিতিতে জরুরি চাহিদা পূরণে ১ লাখ টন ক্রুড অয়েল কিনছে সরকার

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে উদ্ভূত বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সরসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই তেল আমদানির প্রস্তাব নিয়ে আসা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’-এর কাছ থেকে এই অপরিশোধিত তেল সংগ্রহ করা হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রটি জানিয়েছে, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রুড অয়েল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জরুরি ভিত্তিতে এই ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার লক্ষ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয় এবং কমিটি তা অনুমোদন করে।

এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির অনুমোদন দেওয়ার পাশাপাশি বৈঠকে ইন্দোনেশিয়া’র পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন)থেকে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ০.৫ শতাংশ ‘এস’ (ডিজেল) কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবটিও প্রথম অর্থনেতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন নেওয়া হয় এবং তার পরপরই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তবটি অনুমোদন করে।

এছাড়া, বৈঠকে বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই)- থেকে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তবটিও প্রথম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় এবং এর পরপরই সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়।

যা প্রত্যাহার করে নেওয়া হয়েছে

এদিকে বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হংকং-এর ফালকো করপোরেশন লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনার আর একটি প্রস্তাব নিয়ে আসে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে বৈঠক থেকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। আর্চার এনার্জি এলএলসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার আর একটি প্রস্তাবও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর নিকট থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার আর একটি প্রস্তাব আনা হলেও, সেটিও আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

এমএএস/এএমএ