টালিউড ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। কাজের অভাব ও মানসিক চাপের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘জুনিয়র আর্টিস্ট’ প্রণব চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কাজ না পাওয়ার দুশ্চিন্তাই ক্রমশ গ্রাস করেছিল এই তরুণ অভিনেতাকে।
সবশেষ ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রণব। তবে এরপর আর নিয়মিত কাজ পাচ্ছিলেন না। ফলে আর্থিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তার।
প্রণবের মৃত্যু প্রসঙ্গে অভিনেত্রী অলোকানন্দা গুহ জানান, “খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি, কাজ না থাকার কারণে খুব চিন্তায় থাকত। সেখান থেকেই হঠাৎ ‘প্যানিক অ্যাটাক’ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। শুনেছি, পথেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, প্রণব বারবার কাজের জন্য যোগাযোগ করতেন। নিজের সামর্থ্য অনুযায়ী সুযোগ দেওয়ার চেষ্টা করতেন বলেও জানান অলকানন্দা। “আমি যেসব প্রচারমূলক শুটিং করতাম, অনেক সময় ওকে ডাকতাম। যতটা পারতাম পারিশ্রমিকও দিতাম”- যোগ করেন তিনি।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, প্রণবের বয়স ছিল আনুমানিক ২৮ বছর। পরিবারের পুরো দায়িত্বই ছিল তার কাঁধে। সদ্য বিয়েও করেছিলেন তিনি। তার স্ত্রীর বয়সও খুব বেশি নয়-প্রায় ২১ থেকে ২২ বছর। পরিবারে রয়েছেন বাবা-মা ও ভাই।
আরও পড়ুন:রাহুলের মৃত্যুর নেপথ্যে কী? ময়নাতদন্তে উঠল নতুন প্রশ্ন রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, বাড়ির সামনে উত্তেজনা
উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই প্রণবের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে। তরুণ এই শিল্পীর এমন পরিণতিতে ব্যথিত পুরো ইন্ডাস্ট্রি।
এমএমএফ