তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে যেমন গুঞ্জন ছড়ায়, ঠিক তেমনি তার দেশে ফেরা নিয়েও থাকে নানা সংশয়, সন্দেহ। তাই আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়া এবং দেশে ফেরা প্রায় টক অব দ্য ক্রিকেট এরিনা হয়ে গেছে।
এবারও তাই হয়েছে। প্রথমে এমনও গুজব রটেছিল, তিনি সিঙ্গেল টিকিট কেটে অস্ট্রেলিয়া চলে গেছেন, আর বাংলাদেশে ফিরবেন না। পরে জানা গেলো, তিনি অস্ট্রেলিয়ায় যাননি। তবে রোজার ঠিক আগে তিনি সত্যিই অস্ট্রেলিয়ায় যান এবং সেখানে থাকা স্ত্রী ও দুই পুত্রের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে ঈদ করে ২৮ মার্চ মধ্যরাতে রাজধানীতে এসে পৌঁছান।
তবে জাগো নিউজের পাঠকরা অবশ্য কোনো সময়ই বিভ্রান্তিকর তথ্য পাননি। জাগো নিউজ রমজান মাসের মাঝামাঝি জানিয়েছিল যে, বিসিবি সভাপতি ঈদের পর ২৬ মার্চ দেশে ফিরবেন। ২৪ মার্চ বিসিবির দুজন পরিচালকের উদ্ধৃতি দিয়ে জাগো নিউজে জানানো হয়, বিসিবি সভাপতি ২৮ না হয় ২৯ মার্চ দেশে ফিরবেন। ঠিক তাই হয়েছে। বিসিবি ‘বিগ বস’ ২৮ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীতে এসে পৌঁছেছেন।
এদিকে আজ আমিনুল ইসলামকে নিয়ে হঠাৎ আরও এক নতুন গুঞ্জন। মঙ্গলবার দুপুর গড়ানোর আগেই ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন- দেশে ফিরতে না ফিরতেই তদন্ত কমিশনের মুখোমুখি হলেন আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির নির্বাচন নিয়ে যে সব প্রশ্ন উঠেছে- অসচ্ছতা, অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ, সে সব নিয়ে তদন্ত কমিশন নাকি আজ মঙ্গলবারই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বসেছে। খবর এমনভাবে ছড়ায় যে, কেউ কেউ বিশ্বাসও করেন- দেশে ফিরতে না ফিরতেই তদন্ত কমিটির সামনে বিসিবি প্রধান।
কিন্তু সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একান্তে কথা বলা তো দূরের কথা, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ তদন্ত কমিশন কারও সঙ্গেই কথা বলেনি।
সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা নিজ নিজ কাজ সম্পাদনেই ব্যস্ত ছিলেন। একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে মঙ্গলবার তদন্ত কমিশনের দেখা হয়নি।
ভেতরের খবর, অস্ট্রেলিয়ায় থাকতেই আমিনুল ইসলাম বুলবুল অনেকটা নিজ পক্ষ সমর্থন করে একটি ব্যাখ্যামূলক চিঠি এনএসসিতে জমা দিয়েছেন। সেখানে তিনি নিজের পক্ষ নিয়ে অনেক কথাই লিখেছেন। তারপরও যেহেতু জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম ভেঙে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি দিয়ে আমিনুল ইসলাম বুলবুল নিজেই বিতর্কে জড়িয়ে পড়েন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিসিবি ও দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংগঠন এনএসসির গঠনতন্ত্রের বাইরে গিয়ে কাউন্সিলরশিপ প্রদান প্রক্রিয়ায় জড়িয়ে পুরো নির্বাচন কলুষিত করেছেন। খুব স্বাভাবিকভাবেই তদন্ত কমিশন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে তার ব্যাখ্যা শুনতে আগ্রহী থাকবে। অনুমান করা হচ্ছে, আগামীকাল ১ এপ্রিল কমিশনের সঙ্গে কথা হতে পারে বিসিবি সভাপতির।
তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, আমিনুল ইসলাম বুলবুল আগামীকাল (১ এপ্রিল) ঢাকায় তদন্ত কমিটির মুখোমুখি হতে পারেন।
প্রসঙ্গত আগামী ৯ এপ্রিল তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া ১৫ কর্মদিবস শেষ হবে। ধারণা করা হচ্ছে, এবং তদন্ত কমিটির অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুজ্জামান কয়েকদিন আগেই জানিয়েছেন, তাদের তদন্ত কাজ ও সুপারিশমালা প্রণয়নের কাজ যথাযথভাবে চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ এপ্রিল তারা নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট ও সুপারিশমালা বোর্ডে জমা দিতে পারবেন।
এআরবি/আইএইচএস